কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি পৌর এলাকার ভুরঘাটা এলাকায় আলাউদ্দিন ক্লিনিকে ভুয়া ডাক্তার সেজে চিকিৎসা দেওয়ার অভিযোগে এক মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে জরিমানা করা হয়েছে।
জানা যায়, সবুজ তালুকদার নামের ওই ব্যক্তি পেশায় একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হলেও তিনি নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করছিলেন। বিষয়টি নিশ্চিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে তাকে আটক করে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে জরিমানা পরিশোধের পর তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন জানান, একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্টের কাজ এবং এমবিবিএস/বিডিএস ডিগ্রিধারী নিবন্ধিত চিকিৎসকের কাজ সম্পূর্ণ ভিন্ন। ভুয়া পরিচয়ে চিকিৎসা প্রদান করা আইনত দণ্ডনীয় অপরাধ।
এ ধরনের প্রতারণা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয় সচেতন মহল মনে করেন, ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে নিয়মিত তদারকি ও কঠোর আইন প্রয়োগ করা হলে সাধারণ মানুষ প্রতারণার হাত থেকে রক্ষা পাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.