ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদি ফ্লাইওভারে গাছভর্তি ট্রাকের সঙ্গে মাছবাহী ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
সোমবার (১৮ মে) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা মাছবাহী ট্রাকের চালক ও হেলপার বলে জানিয়েছে পুলিশ।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি যশোর কোতোয়ালি থানার চাচড়া গ্রামের বাসিন্দা মো. শামিম (৩০)। তিনি মাছবাহী ট্রাকটির চালক ছিলেন। অপর নিহত হেলপারের বয়স আনুমানিক ২৮ বছর হলেও তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী গাছের চারা বোঝাই একটি ট্রাক আতাদি ফ্লাইওভারের ওপর ধীরগতিতে চলছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি মাছবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মাছবাহী ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও হেলপারের মৃত্যু হয়।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক জব্দ করে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল খান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.