বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা অসংক্রামক রোগ বিষয়ক বহুখাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে “সমগ্র সরকার ও সমগ্র সমাজের অংশগ্রহণের মাধ্যমে উপজেলা পর্যায়ে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ গবেষণা প্রকল্প” শীর্ষক অংশগ্রহণকারীদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) সকাল ১০টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, ডা. শারমিন আক্তার শীতল, ডা. আলী আহসান, ডা. জাকিয়া সুলতানা, সাংবাদিক উত্তম শর্মাসহ আরও অনেকে।
বক্তারা বলেন, বর্তমানে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ক্যান্সারের মতো অসংক্রামক রোগ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এসব রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসম্মত জীবনযাপন এবং সামাজিক অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন বলেন, “অসংক্রামক রোগ বর্তমানে আমাদের দেশের জন্য একটি বড় জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। এসব রোগ প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। শুধু স্বাস্থ্য বিভাগ নয়, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগেই এ ধরনের রোগ নিয়ন্ত্রণ সম্ভব।”
তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি সামাজিক, শিক্ষা, ধর্মীয় ও গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিদের একযোগে কাজ করতে হবে। গবেষণাভিত্তিক এ কার্যক্রম মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করবে এবং সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.