নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর মনোহরদী উপজেলায় জাল টাকা তৈরির একটি কারখানায় র্যাবের যৌথ অভিযানে মূলহোতা মো. দেলোয়ার হোসেন (৩৮) গ্রেপ্তার হয়েছেন। এ সময় জাল টাকা তৈরির বিপুল সরঞ্জাম ও জাল নোট উদ্ধার করা হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১, সিপিএসসি নরসিংদী এবং র্যাব-৪, ঢাকার যৌথ অভিযানে রবিবার (১৭ মে) রাত আনুমানিক ১১টা ৩৫ মিনিটে মনোহরদী উপজেলার সৈয়দেরগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্র জানায়, আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে একটি চক্র জাল টাকা তৈরি করে বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিল। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হলে ঘটনাস্থল থেকে দেলোয়ার হোসেনকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জাল টাকা তৈরির সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন।
অভিযানে উদ্ধার করা হয় ১৬০টি টাকা ছাপানো পাতা, ৫০ টাকার ৩৬০টি জাল নোট, একটি প্রিন্টার, একটি ২৪ ইঞ্চি মনিটর, একটি লেমিনেটিং মেশিন, একটি সিপিইউ, তিনটি মোবাইল ফোনসহ জাল টাকা তৈরির বিভিন্ন কেমিক্যাল, কাঠের ফ্রেম, রং ও নিরাপত্তা সুতা।
র্যাব জানায়, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মনোহরদী থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব-১১, সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.