পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশে পায়ুপথে বাতাস ঢুকিয়ে রামিম (৯) নামে এক শিশুকে হত্যার মামলার প্রধান আসামি সবুজ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ মে) ভোরে নরসিংদী জেলার আর্শিনগর রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সবুজ মিয়া পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের চরকারারদী গ্রামের লোকমান হোসেনের ছেলে।
পুলিশ জানায়, শিশু হত্যা মামলার পর থেকেই সবুজ পলাতক ছিল। গোপনে অন্যত্র পালিয়ে যাওয়ার সময় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ৬ মে পলাশ উপজেলার গজারিয়া বাজার এলাকায় রামিম নামে ৯ বছরের এক শিশুকে জোরপূর্বক একটি রিকশা গ্যারেজে নিয়ে যায় সবুজ, ফয়সাল, শিশির ও বাবু নামে চার যুবক। সেখানে হাওয়ার মেশিন দিয়ে শিশুটির পায়ুপথ ও মুখে বাতাস ঢুকানো হলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত শিশুর বাবা রিপন মিয়া বাদী হয়ে অভিযুক্ত চার যুবকের বিরুদ্ধে পলাশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে ছিল।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.