কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় চলতি বোরো মৌসুমে সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান এবং মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ মে) বিকেল ৩টায় উপজেলা খাদ্য গুদামে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুফিয়া সুলতানা সরদার, উপজেলা খাদ্য পরিদর্শক মাহমুদুল হাসান তমাল, মিল-চাতাল মালিক সমিতির সভাপতি মিনহাজুর রহমান হেনা, সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন এবং ওসিএলএসডি দীলিপ চন্দ্র রায়সহ অন্যান্যরা।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কৃষক অ্যাপসে নিবন্ধিত উপজেলার কৃষকদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত ২৫৭ জন কৃষকের কাছ থেকে প্রত্যেকের ৩ মেট্রিক টন করে মোট ৭৭১ মেট্রিক টন ধান ৩৬ টাকা কেজি দরে সংগ্রহ করা হবে। এছাড়া ৩১ জন মিলারের মাধ্যমে ৪৯ টাকা কেজি দরে ১ হাজার ৩৮৮ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম চলবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.