খুলনা প্রতিনিধি
খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীদের জন্য সরবরাহকৃত নিম্নমানের খাবার, র্যাবিস (জলাতঙ্ক) ভ্যাকসিন সংকট এবং সার্বিক অব্যবস্থাপনা দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সারদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (২০ মে) আকস্মিক পরিদর্শনে খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ভ্যাকসিন কর্নার ও রান্নাঘর ঘুরে দেখেন। পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম মঞ্জু এবং হুরে জান্নাত।
পরিদর্শনের শুরুতেই র্যাবিস ভ্যাকসিন কর্নারে গিয়ে রোগী ও স্বজনদের অভিযোগ শোনেন মন্ত্রী। তারা জানান, হাসপাতালে ভ্যাকসিন না থাকায় বাইরে থেকে অতিরিক্ত টাকা দিয়ে ভ্যাকসিন কিনতে হচ্ছে। বিষয়টি শুনে মন্ত্রী ক্ষুব্ধ হন এবং হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এর কারণ জানতে চান। পরে ঢাকায় যোগাযোগ করে তিনি জানতে পারেন, ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়নি। এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
পরে হাসপাতালের রান্নাঘর পরিদর্শনে গিয়ে রোগীদের জন্য প্রস্তুত করা কুমড়োর তরকারি পরীক্ষা করেন স্বাস্থ্যমন্ত্রী। তরকারি স্বাদ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এ ধরনের তরকারি আপনারা খেতেন?”—এ সময় তিনি রোগীদের জন্য মানসম্মত ও স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করার নির্দেশ দেন।
পরিদর্শনের এক পর্যায়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অপারেশন থিয়েটার (ওটি) ও পোস্ট-অপারেটিভ কক্ষও ঘুরে দেখেন তিনি।
উল্লেখ্য, একই দিন ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটার ও পোস্ট-অপারেটিভ কক্ষে অগ্নিকাণ্ড ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকজন আহত হন। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.