নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) হযরত বিবি খাদিজা হলের দেয়ালে আপত্তিকর চিত্র আঁকা এবং নির্মাণ শ্রমিকদের বিরুদ্ধে ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগে বিক্ষোভ করেছেন আবাসিক শিক্ষার্থীরা।
বুধবার (২০ মে) রাত ১১টার দিকে হলের মূল ফটকে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচি পালন করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে রাত ১২টার দিকে আন্দোলন স্থগিত করা হয়।
শিক্ষার্থীরা জানান, গত দুই সপ্তাহ ধরে হলের ছাদ সংস্কারের কাজ চলছিল। কাজের শেষ দিন হলের পেছনের ব্লকের ছাদে কুরুচিপূর্ণ একটি ছবি আঁকা দেখতে পান তারা। বুধবার সকালে বিষয়টি নজরে আসার পর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে রাতে হলের মূল ফটকে জড়ো হয়ে তারা বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, কিছু নির্মাণ শ্রমিক দীর্ঘদিন ধরে ছাত্রীদের উদ্দেশে অশোভন আচরণ ও কুরুচিপূর্ণ ইঙ্গিত করে আসছিলেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একই সঙ্গে হলের নিরাপত্তা জোরদার এবং বহিরাগত শ্রমিকদের প্রবেশ ও কার্যক্রমে কঠোর নজরদারির দাবি তোলেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা আরও জানান, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।
হযরত বিবি খাদিজা হলের প্রভোস্ট অধ্যাপক আব্দুল কাইয়ুম মাসুদ বলেন, সকালে শিক্ষার্থীরা দেয়ালে আঁকা একটি আপত্তিকর চিত্র দেখতে পেয়ে প্রশাসনকে অবহিত করে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চালান।
তিনি আরও বলেন, কাউকে শনাক্ত করা সম্ভব না হওয়ায় চিত্রটি দ্রুত মুছে ফেলা হয়। তবে রাতের বেলায় শিক্ষার্থীরা পুনরায় বিক্ষোভে নামেন। এ বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে বৃহস্পতিবার সকালে আবারও বৈঠক হবে এবং তাদের দাবিগুলো নিয়ে আলোচনা করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.