রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় বিএনপি কার্যালয়ে ঢুকে সন্ত্রাসীদের গুলিতে যুবদলের সক্রিয় কর্মী মো. মাসুম শেখ (৩০) ও তার শ্যালক জাহিদ হোসেন (২৫) গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) জলমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পুটিমারি বাজার সমিতির সভাপতি এবং যুবদল কর্মী মাসুম শেখ ওই কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত আশিক গ্রুপের সদস্য মো. পারভেজ (৩৪) মোটরসাইকেলে করে সেখানে এসে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। কথোপকথনের একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হলে তিনি মাসুম শেখকে লক্ষ্য করে গুলি চালান।
প্রথম গুলিটি মাসুম শেখের কোমরের নিচে ডান পাশে বিদ্ধ হয়। পরে দ্বিতীয় দফা গুলিতে তার শ্যালক জাহিদ হোসেন আহত হন।
গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে, পুটিমারি বাজার সমিতির সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই মাসুম শেখের কাছে আশিক গ্রুপ নিয়মিত চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে দীর্ঘদিন ধরে তাকে হুমকি দেওয়া হচ্ছিল বলে স্থানীয়দের ধারণা।
এদিকে খুলনায় সাম্প্রতিক সময়ে একের পর এক গুলি, কুপিয়ে জখম ও হত্যার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। স্থানীয়রা দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ওসি সৈয়দ মোশাররফ হোসেন আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.