আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
শিশু রামিসাসহ দেশব্যাপী শিশু ও নারী ধর্ষণ-হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে) দুপুর ২টায় জুম্মার নামাজের পর স্থানীয় সচেতন নাগরিকদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিভিন্ন মসজিদের মুসল্লিদের অংশগ্রহণে বুধহাটা বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শেষে বুধহাটা বাস স্ট্যান্ড চত্বরে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা দেশজুড়ে নারী ও শিশু নির্যাতনের বাড়তে থাকা ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নারী-শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
বক্তব্য রাখেন— আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য ও বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুল ইসলাম, বুধহাটা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি বেলাল হোসাইন, বুধহাটা পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল ওহাব, বুধহাটা দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল্লাহ আল মামুন, বুধহাটা দরগা মসজিদের ইমাম হাফেজ রবিউল ইসলাম, জামায়াত নেতা আবুল কালাম আযাদ, আজহারুল ইসলাম, যুব বিভাগের সেক্রেটারি মোখলেসুর রহমান, ইসলামী ছাত্রশিবির আশাশুনি উত্তরের সভাপতি অলিউল ইসলাম, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মহসিন শরীফসহ অনেকে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.