ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এনসিপির অন্তত ৬ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুর ২টার দিকে শহরের পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার প্রতিবাদে এবং মামলা দায়েরের দাবিতে অনুসারীদের নিয়ে ঝিনাইদহ সদর থানায় অবস্থান কর্মসূচি শুরু করেন নাসির উদ্দিন পাটোয়ারী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জুম্মার নামাজ শেষে পুরাতন কালেক্টরেট মসজিদ থেকে বের হওয়ার সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ তাঁর সঙ্গে কথা বলতে এগিয়ে আসেন। কথোপকথনের এক পর্যায়ে সাহেদের পেছন থেকে একদল যুবক নাসির উদ্দিনকে লক্ষ্য করে আকস্মিক ডিম নিক্ষেপ করে। পরে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে এনসিপির কয়েকজন স্থানীয় কর্মী আহত হন।
ঘটনার পর এনসিপির নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। পরে নাসির উদ্দিন পাটোয়ারী ঝিনাইদহ সদর থানায় লিখিত অভিযোগ দিতে যান। এ সময় এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জামায়াত-শিবিরের নেতাকর্মীরা থানার বাইরে অবস্থান নেন।
হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নাসির উদ্দিন পাটোয়ারী অভিযোগ করেন, আইনমন্ত্রী ও ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদর লোকজন তাদের ওপর হামলা চালিয়েছে। তিনি বলেন, “আইনমন্ত্রীর নিজের এলাকাতেই যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির এই দশা হয়, তাহলে তাঁর পদে থাকার কোনো যোগ্যতা নেই। আমরা এই হামলার বিচার এবং আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।”
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ। তিনি বলেন, “নাসির উদ্দিন পাটোয়ারী বিভিন্ন জেলায় গিয়ে বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। আমি তাঁকে এ ধরনের বক্তব্য না দেওয়ার অনুরোধ করতে গিয়েছিলাম। পরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাঁর ওপর ডিম নিক্ষেপ করে। এ ঘটনায় ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই।”
এদিকে ছাত্রদলের বিরুদ্ধে “মিথ্যা অভিযোগের” প্রতিবাদে বিকেলে শহরে বিক্ষোভ মিছিল করেছে ঝিনাইদহ জেলা ছাত্রদল। বিকেল ৫টার দিকে শহীদ মিনার চত্বর থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল এবং সাহেদ আহম্মেদ বক্তব্য রাখেন। তারা বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে তা তাদের জানা নেই এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলকে জড়ানো হচ্ছে। একই সঙ্গে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
এছাড়া আইনমন্ত্রীর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার প্রতিবাদে সন্ধ্যায় শহরের বিভিন্ন সড়কে উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও মিছিল বের করেন।
সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত লিখিত অভিযোগ নথিভুক্ত না হওয়ায় এনসিপির নেতাকর্মীরা থানার সামনে অবস্থান চালিয়ে যান। নাসির উদ্দিন পাটোয়ারীর অভিযোগ, দীর্ঘ সময় পার হলেও পুলিশ তাদের মামলা গ্রহণ করছে না।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, “বর্তমানে শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সার্ভার ডাউন থাকায় অভিযোগটি সিস্টেমে এন্ট্রি করতে দেরি হচ্ছে। এটি একটি আমলযোগ্য অপরাধের বিষয়, তাই অভিযোগ না নেওয়ার সুযোগ নেই। সার্ভার স্বাভাবিক হলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.