শাহীন আহমেদ, ভেদরগঞ্জ ( শরীয়তপুর) প্রতিনিধি
শরীয়তপুর জেলার সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহেদ আলী কান্দি গ্রামে বজ্রপাতে ফয়সাল আহমেদ বেপারী (৩৫) নামে তিন সন্তানের জনকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের ফজলুল হক বেপারীর ছেলে।
ফয়সাল আহমেদ বেপারী দুই মেয়ে ও এক ছেলের জনক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে ফয়সাল আহমেদ বেপারী বাড়ির পাশের নিজ ফসলের মাঠে গরুর জন্য গাছ কাটতে যান। এ সময় হঠাৎ আকাশে কালো মেঘ জমে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের এক পর্যায়ে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। তবে ততক্ষণে তিনি মারা গেছেন বলে নিশ্চিত করেন স্বজনরা। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে শোকের মাতম শুরু হয়। স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
এলাকাবাসী জানান, ফয়সাল আহমেদ বেপারী ছিলেন অত্যন্ত শান্ত, পরিশ্রমী ও পরিবারমুখী একজন মানুষ। পরিবারের জীবিকা নির্বাহের জন্য প্রতিদিনের মতো সেদিনও তিনি মাঠে কাজ করতে গিয়েছিলেন। কিন্তু আকস্মিক বজ্রপাত মুহূর্তেই তার জীবনের সব স্বপ্ন থামিয়ে দেয়। নিহতের পরিবারে বৃদ্ধ বাবা-মা, স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা এখন দিশেহারা হয়ে পড়েছেন। স্থানীয় বাসিন্দারা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং প্রশাসন ও সমাজের বিত্তবানদের পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.