ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সালথা উপজেলায় এক মর্মান্তিক ঘটনায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মো. খায়ের দাঈ (৩৫) সোনাপুর ইউনিয়নের বারাংকুলা গ্রামের বাসিন্দা এবং স্থানীয়ভাবে মুদি দোকানের ব্যবসায়ী। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
ভুক্তভোগী শিশুটির পরিবার জানায়, দুপুরের দিকে শিশুটি বাড়ির পাশে আম কুড়াতে গেলে খায়ের দাঈ একটি রামদা (দেশীয় অস্ত্র) দেখিয়ে তার মুখ চেপে ধরে। পরে তাকে পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। স্থানীয় লোকজন চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তকে ধরে একটি ঘরে আটকে রাখেন। তবে কিছুক্ষণ পর কৌশলে তিনি পালিয়ে যান।
ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে খায়ের দাঈকে একমাত্র আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ আসামিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।”
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং শিশুটির চিকিৎসা ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.