Nabadhara
ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বারবার ভুল তালা লাগানোয় দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে: শামীম সাঈদী

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনে জামায়াতে ইসলামীর (দাঁড়িপাল্লা) মনোনীত প্রার্থী শামীম সাঈদী বলেছেন, দেশের চাবি জনগণের হাতে রয়েছে। তবে একের পর এক নির্বাচনে সেই চাবি ব্যবহার করে ভুল তালা লাগানোর কারণে দেশ বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ভাণ্ডারিয়া হাসপাতাল মাঠে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, “দেশে এর আগে বারো নির্বাচন হয়েছে, এবার ত্রয়োদশ নির্বাচন। কিন্তু প্রতিবার যে তালা লাগানো হয়েছে, তা ছিল জং ধরা, ভাঙা ও ভুল তালা। সেই ভুল তালার কারণে মানুষের ঘরে হামলা হয়েছে, সমাজে হামলা হয়েছে, রাষ্ট্রেও হামলা হয়েছে। কার্ডের প্রলোভন দেখিয়ে নয়, একটি মজবুত ও টেকসই তালা লাগিয়েই দেশকে নিরাপদ করা সম্ভব।”

 

তিনি আরও বলেন, ২০০৮ সালের নির্বাচনের আগে যারা চাল ও চাকরির প্রতিশ্রুতি দিয়ে জনগণকে প্রতারণা করেছিল, আজ তাদের দোসররা ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ডের প্রলোভন দেখাচ্ছে। এসব প্রতারণার জবাব জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনেই দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

নিজেকে ‘ভাড়াটিয়া’ বা ‘ওপারের মানুষ’ বলা প্রসঙ্গে শামীম সাঈদী বলেন, তার নেছারাবাদে নিজস্ব বাড়ি রয়েছে এবং তিনি বৈধ ভোটার। তিনি স্মরণ করিয়ে দেন, আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী ১৯৮৬ সালে সংসদে গিয়ে বলেশ্বর নদীর ওপর সেতু নির্মাণের দাবি তুলেছিলেন।

 

তিনি বলেন, জনগণের ভোটে সংসদে নির্বাচিত হলে তার প্রথম দাবি হবে কঁচা নদীর ওপর সেতু নির্মাণ এবং নেছারাবাদ থেকে নির্বাচিত হলে সন্ধ্যা নদীর ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেবেন, ইনশাআল্লাহ।

শামীম সাঈদী অভিযোগ করেন, গত ১৬-১৭ বছরে তাদের আয়-রোজগারের পথ সংকুচিত করা হয়েছে এবং ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরও তারা ভাণ্ডারিয়া, পিরোজপুর ও দেশের সাধারণ মানুষের পাশে থেকেছেন। তিনি বলেন, আল্লামা সাঈদীর জন্য দেশের মা-বোনেরা দোয়া ও আত্মত্যাগ করেছেন; আজও তার বিচার নিশ্চিত হয়নি। এই বিচার আদায় করাই তাদের চলমান আন্দোলনের অন্যতম লক্ষ্য।

জনসভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় মুফাচ্ছির পরিষদের সেক্রেটারি শায়েখ জালাল উদ্দিন, ছারছিনা দরবারের ছোট হুজুর শাহ্ আরিফ বিল্লাহ সিদ্দিকী, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে নাসিম সাঈদী, সাবেক ছাত্রনেতা মোঃ শফিকুল ইসলাম, ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মিয়া তমিজ উদ্দিন কাজল, ভাণ্ডারিয়া উপজেলা এনসিপি’র আহ্বায়ক চঞ্চল জোমাদ্দার, নেছারাবাদ উপজেলা জামায়াতের হিন্দু শাখার সহ-সভাপতি শ্রী বাদল সরকার এবং ভাণ্ডারিয়া উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ নাদিমুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।