নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। অপর একটি আসনে জয় পেয়েছেন ১১ দলীয় জোটভুক্ত ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর প্রার্থী। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এসব ফলাফল নিশ্চিত করা হয়েছে।
নোয়াখালী–১ (চাটখিল–সোনাইমুড়ী) আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে মাহাবুব উদ্দিন খোকন পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৮৩৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী-র মো. ছাইফ উল্যাহ (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯৮ হাজার ৩৬ ভোট।
নোয়াখালী–২ (সেনবাগ–কোম্পানীগঞ্জ) আসনে বিএনপির জয়নুল আবদিন ফারুক ধানের শীষ প্রতীকে ৮৩ হাজার ৯৮২ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী এনসিপির সুলতান মুহাম্মদ জাকারিয়া (শাপলা কলি) পেয়েছেন ৬৭ হাজার ৫৪ ভোট।
নোয়াখালী–৩ (বেগমগঞ্জ) আসনে বিএনপির বরকত উল্লাহ বুলু পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৩১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের বোরহান উদ্দিন পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৯৪১ ভোট।
নোয়াখালী–৪ (সদর–সুবর্ণচর) আসনে ধানের শীষ প্রতীকে মো. শাহজাহান পেয়েছেন ২ লাখ ১৯ হাজার ১৮২ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইসহাক খন্দকার পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৯৮৯ ভোট।
নোয়াখালী–৫ (কবিরহাট–হাতিয়া) আসনে বিএনপির মোহাম্মদ ফখরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৮০৮ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ বেলায়েত হোসেন পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৪৫৩ ভোট।
অন্যদিকে নোয়াখালী–৬ (হাতিয়া) আসনে এনসিপির আবদুল হান্নান মাসউদ শাপলা কলি প্রতীকে ৯০ হাজার ১১৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৩ হাজার ৩৭২ ভোট।
জেলার ছয়টি আসনের ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের স্পষ্ট প্রাধান্য লক্ষ্য করা গেছে।

