মনিরামপুর (যশোর) প্রতিনিধি
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে মনিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সম্রাট হোসেন। উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনিরামপুর উপজেলা আমীর সহকারী অধ্যাপক ফজলুল হক, সহকারী সেক্রেটারি আহসান হাবিব লিটন, বীর মুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন, ইসাহাক আলী, আলাউদ্দিন, মনিরামপুর প্রেসক্লাব-এর সভাপতি এস এম মজনুর রহমান এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান রয়েলসহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা।
সভায় সিদ্ধান্ত হয়, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদের সামনে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
এবার পবিত্র রমজান মাস চলমান থাকায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে উল্লেখ করে সভায় জানানো হয়, প্রতিষ্ঠানগুলো তাদের সুবিধাজনক সময়ে শহিদ মিনারে বা নিজ নিজ প্রতিষ্ঠানে পুষ্পার্ঘ্য অর্পণ করবে। শিক্ষার্থীরা যাতে সুশৃঙ্খলভাবে শ্রদ্ধা জানাতে পারে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
দিবসটির তাৎপর্য তুলে ধরতে সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কবিতা আবৃত্তির আয়োজন করা হবে। পাশাপাশি ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনায় সকল মসজিদে দোয়া এবং মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
সভাপতির বক্তব্যে ইউএনও সম্রাট হোসেন বলেন, ভাষা শহিদদের স্মরণে শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণকালে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে এবং সবাই যাতে সুন্দরভাবে শ্রদ্ধা জানাতে পারেন, সে ব্যবস্থা নিশ্চিত করা হবে।

