তাপস কুমার মজুমদার, স্টাফ রিপোর্টার, ভোলা
ভোলা কিচেন মার্কেটে এক নারী ও তার পুত্রকে মারধর ও হেনস্থার অভিযোগে অভিযুক্ত গরুর মাংস বিক্রেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় ব্যবসায়ীরা মানববন্ধন করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ভোলা প্রেসক্লাব-এর সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের লিখিত বক্তব্য অনুযায়ী, গত ২২ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে ওই নারী ও তার পুত্র গরুর মাংস কিনতে লোকমান কষাইয়ের দোকানে যান। মাংসে অতিরিক্ত হাড় ও চর্বি দেওয়ার অভিযোগে ক্রেতারা প্রতিবাদ করলে দোকানদার লোকমান কষাই, তার ছেলে মো. ছাইফুল ও জসিমসহ কয়েকজন তাদের ওপর হামলা চালায়। এতে তারা আহত ও মানসিকভাবে হেনস্তার শিকার হন।
হামলার পর অন্যান্য ব্যবসায়ী ও ক্রেতাদের সহায়তায় আহতদের ভোলা সদর হাসপাতাল-এ ভর্তি করা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত লোকমান কষাই পূর্বেও ক্রেতাদের সঙ্গে দুর্ব্যবহার করে মার্কেটের সুনাম ক্ষুণ্ণ করেছেন। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সম্পন্ন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

