বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবিরের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও দুই দিনেও পুলিশ মামলা গ্রহণ করেনি বলে দাবি করেছেন তিনি। হামলার ঘটনার প্রতিবাদ ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ওই ইউপি চেয়ারম্যান।
বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে তার নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান মো. হুমায়ুন কবির এসব অভিযোগ করেন।
তিনি বলেন, গত সোমবার (৯ মার্চ) ভিজিডি কার্ডের চাল বিতরণের জন্য তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদারের নেতৃত্বে একদল দুষ্কৃতকারী পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে মারধর করে গুরুতর আহত করে এবং প্রাণনাশের হুমকি দেয়।
চেয়ারম্যান হুমায়ুন কবির আরও বলেন, এ ঘটনায় তিনি ১০ মার্চ বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এখনো পর্যন্ত পুলিশ অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করেনি কিংবা হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। ফলে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
তিনি অভিযোগ করেন, হামলার ঘটনায় জড়িত ব্যক্তিরা বুধবার (১১ মার্চ) একটি মানববন্ধন করে তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও অপপ্রচার চালিয়েছে। এমনকি এআই প্রযুক্তি ব্যবহার করে তার ছবি বিকৃত করে ইউনিয়ন পরিষদের সামনে ব্যানার টানানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে চেয়ারম্যান বলেন, “আমি একজন জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় আমার ওপর আবার হামলা হতে পারে। প্রশাসনের কাছে আমার ও আমার পরিবারের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম সোহেল রানা বলেন, নিয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবিরের ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

