গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক ও ১৯৫২ সালের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব (ছরু কাজী)-এর ২০তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার (১৯ মার্চ) পালিত হবে। এ উপলক্ষে তার জন্মস্থান বরিশালের গৌরনদী ও ঢাকার ধানমন্ডিস্থ বাসভবনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির জানান, দিবসটি উপলক্ষে গৌরনদীর ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। এছাড়া উপজেলার লাখেরাজ কসবা গ্রামে তার কবর ও মসজিদ প্রাঙ্গনে এবং ঢাকার ধানমন্ডিতে নিজ বাসভবনে দিনব্যাপী দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
জানা গেছে, ১৯২৭ সালের ২৩ ডিসেম্বর গৌরনদীর লাখেরাজ কসবা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন কাজী গোলাম মাহবুব। তিনি কাজী আব্দুল মাজেদের জ্যেষ্ঠপুত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় দেশ বিভাগের পর ভাষাসহ পাকিস্তান সরকারের বিভিন্ন বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে তিনি সোচ্চার হন।
১৯৪৮ সালের ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়ে ১১ মার্চের হরতালে পিকেটিং করতে গিয়ে গ্রেপ্তার হন এবং কারাভোগ করেন। পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে ১৯৫২ সালের ২৭ জানুয়ারি খাজা নাজিমুদ্দিনের উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণার প্রতিবাদে নতুন করে আন্দোলন গড়ে তুলতে তিনি সর্বদলীয় সভার আয়োজন করেন। ওই সভায় তাকে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক করা হয়।
মহান মুক্তিযুদ্ধেও তিনি একজন সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০০৬ সালের ১৯ মার্চ ঢাকার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

