মো.জসিম উদ্দিন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকি উপজেলার পূর্ব কার্তিকপাশা গ্রামে এক জনগুরুত্বপূর্ণ চলাচলের রাস্তায় বেড়া দিয়ে অন্তত ১০টি পরিবারের চলাচল বন্ধ করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, স্থানীয় বিএনপি নেতা মনির ফকির ও তার সহযোগীরা নিজেদের ক্ষমতার দাপট দেখিয়ে রাস্তাটি বন্ধ করেছেন।
ভুক্তভোগী আব্দুর রাজ্জাক হাওলাদার (৮০), কবির হাওলাদার (৪৫) ও ফাতেমা বেগম জানিয়েছেন, বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালেই পূর্বকার্তিকপাশার দীর্ঘদিন ব্যবহার হওয়া রাস্তায় আকস্মিকভাবে বেড়া এবং বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। ফলে নারী, শিশু ও বৃদ্ধসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
রাস্তাটি বন্ধ হওয়ায় এলাকার দৈনন্দিন কাজকর্ম স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে অসুস্থ বৃদ্ধ ও স্কুলগামী শিশুদের চলাচল সম্পূর্ণ বন্ধ হয়েছে। স্থানীয়রা সতর্ক করেছেন, দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
অভিযুক্ত মনির ফকিরের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। অন্যদিকে, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিন জানিয়েছেন, বিষয়টি তারা জানেন এবং লিখিত অভিযোগ পেলে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগী পরিবারগুলো স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

