বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বটতলা স্টেশন থেকে নমর হাট পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে। ফলে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, সড়কজুড়ে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে যাত্রী ও চালকদের প্রতিদিনের যাতায়াতে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রায় তিন বছর আগে সড়কটিতে কার্পেটিং করা হলেও দীর্ঘদিন সংস্কারের অভাবে বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় গর্ত তৈরি হয়েছে।
চাঁদপাশা ইউনিয়নের গুরুত্বপূর্ণ এই সড়কটি বটতলা স্টেশন থেকে ময়দানের হাট হয়ে নমর হাট পর্যন্ত সংযোগ স্থাপন করেছে। সড়কের বেহাল অবস্থার কারণে কৃষকরা উৎপাদিত ফসল সময়মতো ও সঠিক মূল্যে বাজারজাত করতে পারছেন না। একই সঙ্গে শিক্ষার্থীরা সময়মতো স্কুল-কলেজে পৌঁছাতে ব্যর্থ হচ্ছেন এবং রোগীরাও জরুরি চিকিৎসা সেবা পেতে বিলম্বের শিকার হচ্ছেন।
পরিবহন চালক মোঃ মোসলেম ফকির জানান,
বটতলা থেকে নমর হাট যেতে আগে যেখানে আধা ঘণ্টা লাগত, এখন সেখানে দেড় ঘণ্টা সময় লাগছে।”
অপর চালক নুরু মিয়া বলেন, রাস্তায় গর্ত এত বেশি যে খুব ধীরে গাড়ি চালাতে হচ্ছে। প্রায়ই যানজট সৃষ্টি হচ্ছে, যাত্রীরা চরম কষ্টে আছেন।
স্থানীয় ইউপি সদস্য মোসলেম হাজী বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় বেহাল অবস্থায় রয়েছে। পাশাপাশি বিভিন্ন ইটভাটার ভারী ট্রাক চলাচলের কারণে সড়কটি দ্রুত নষ্ট হয়ে গেছে।
স্থানীয় প্রবাসী ফেরদৌস মাহমুদ ফকির সড়কটির দ্রুত সংস্কারের দাবি জানিয়ে বলেন, এই সড়ক সংস্কার হলে কয়েক হাজার মানুষের দুর্ভোগ লাঘব হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী কাজী এমামুল হক আলীম জানান, সড়কটির সংস্কার পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়াধীন রয়েছে। খুব দ্রুতই সংস্কার কাজ শুরু করা হবে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করেন, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও কাজের ত্রুটির কারণেই মাত্র তিন বছরের মধ্যে সড়কটির এমন বেহাল দশা হয়েছে।
স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে এই সড়ক যোগাযোগের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়বে।

