Nabadhara
ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে কৃষকের পাটক্ষেতে জোর করে মাটি কাটার অভিযোগ

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
এপ্রিল ২৪, ২০২৬ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে এক দরিদ্র কৃষকের পাট ক্ষেতের মাটি জোর করে কাটার অভিযোগ উঠেছে। উপজেলার ছোটভকলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাউলি কেউটিল গ্রামের কৃষক আনোয়ার মোল্লা এ ঘটনায় বুধবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্তরা হলেন স্থানীয় সুলেমান খান, আঃ রশিদ খান ও দলিল উদ্দিন খান। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সরেজমিনে কৃষক আনোয়ার মোল্লা জানান, তিনি একজন নদীভাঙন কবলিত দরিদ্র কৃষক। তার বসতবাড়ির আঙিনায় থাকা জমিতে পাট চাষ করেছেন এবং ইতিমধ্যে পাট গাছ গজিয়েছে।

তিনি অভিযোগ করেন, অভিযুক্তদের জমি তার জমির পূর্ব পাশে অবস্থিত। তারা পুকুর খননের নামে ইটভাটায় মাটি বিক্রির উদ্দেশ্যে ভেকু মেশিন এনে জমির চারপাশ কেটে ফেলেছেন। কিন্তু মূল সড়কে যাওয়ার নিজস্ব পথ না থাকায় তারা তার পাট ক্ষেতের মাটি কেটে রাস্তা তৈরি করছেন।

এ সময় তিনি ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে তাদেরকে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন আনোয়ার। অভিযুক্তরা নিজেদের বিএনপির লোক পরিচয় দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করছেন বলেও দাবি করেন তিনি। এ কারণে তিনি প্রশাসনের কাছে প্রতিকার চেয়েছেন।

অভিযুক্ত সুলেমান খান মুঠোফোনে জানান, মাটি কাটার বিষয়ে তাদের প্রশাসনিক অনুমতি রয়েছে এবং উল্লিখিত জমির মালিক তারাই। আনোয়ারকে সেখানে পাট চাষ করতে দেওয়া হয়েছিল। জোর করে মাটি কাটার অভিযোগ সত্য নয় বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসিব হাসান খান জানান, ফসলি জমির মাটি কাটার জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি। কৃষক আনোয়ার হোসেনের লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।