সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
একদিকে কারাগারের চার দেয়াল, অন্যদিকে খোলা রাজপথ এই দুই ভিন্ন বাস্তবতার মাঝেই এগিয়ে চলছে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের নির্বাচনী লড়াই।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী, দলটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক তিনবারের সংসদ সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর পক্ষে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি।
এরই ধারাবাহিকতায় রোববার (১ ফেব্রুয়ারি) বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ঢাকা–বরিশাল মহাসড়কসংলগ্ন রহমতপুর ব্রিজ ও রহমতপুর বাজার এলাকায় এ প্রচারণা অনুষ্ঠিত হয়।
তবে প্রচারণার নেতৃত্বে ছিলেন না প্রার্থী নিজে; তিনি বর্তমানে একাধিক রাজনৈতিক মামলায় কারাবন্দী। তার পরিবর্তে মাঠে নামেন একমাত্র কন্যা হাবিবা কিবরিয়া। এ সময় তার পাশে ছিলেন পরিবারের সদস্যরা এবং পিতার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা।
রোদে-ঘামে ভিজে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তারা ভোটারদের সঙ্গে কথা বলেন, কুশল বিনিময় করেন এবং শোনেন জনসাধারণের অভিযোগ ও প্রত্যাশা। জাতীয় পার্টির উন্নয়ন দর্শন তুলে ধরার পাশাপাশি ভোটারদের কাছে বারবার উচ্চারিত হয় একটি আহ্বান—কারাবন্দী পিতাকে বিজয়ী করে জনগণের সেবায় পুনরায় ফিরিয়ে আনা।
প্রচারণাকালে হাবিবা কিবরিয়া বলেন, আমার বাবা একা জেলে থাকলেও তার পক্ষে পুরো পরিবার ও দল রাজপথে রয়েছে। এই নির্বাচন শুধু ভোটের নয়; এটি ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই।
নেতাকর্মীদের বক্তব্যেও একই আবেগ প্রতিফলিত হয়। তারা বলেন, তিনবারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুকে পুনরায় নির্বাচিত করে কারামুক্ত করাই এখন তাদের প্রধান লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইকবাল হোসেন তাপস, বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হালিম, রহমতপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জেলানী সাজোয়াল, সাধারণ সম্পাদক হামীদুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জাতীয় পার্টি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির সাংগঠনিক ভিত্তি সুদৃঢ়। কারাগারে থেকেও আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু যে ব্যাপক জনসমর্থন ধরে রেখেছেন, এই গণসংযোগ তারই বাস্তব প্রমাণ। আগামী নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে প্রচারণা আরও জোরদার করা হবে।

