ফেনী প্রতিনিধি
ফেনী–৩ (দাগনভুঁইয়া–সোনাগাজী) আসনে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, রাজনীতিবিদরা মানুষের কল্যাণে রাজনীতি করলেও দিন শেষে তাদের চোর বলা হয়। তিনি দাবি করেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনো ব্যাংক ঋণ মওকুফ চাননি এবং নিজের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টায় ফেনীর সোনাগাজী উপজেলার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মিন্টু বলেন, “১৯৮০ সাল থেকে রাজনীতি করছি মানুষের জীবনমান উন্নয়নের জন্য। ব্যবসায় কোটি কোটি টাকা বিনিয়োগ করেছি কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে। ব্যবসা শুধু মুনাফার জন্য নয়, এটি সেবাও।” তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষ তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে।
এসময় তিনি সোনাগাজীর উন্নয়নে গ্যাস সংযোগ, উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি, মুছাপুর রেগুলেটর নির্মাণ, লালপুলে আন্ডারপাস, অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং রাস্তা-ঘাট উন্নয়নের অঙ্গীকার করেন। দুই উপজেলায় জনগণের সমস্যার দ্রুত সমাধানের জন্য পৃথক দুটি অফিস খোলার কথাও জানান তিনি।
স্বাধীন সাংবাদিকতার পক্ষে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে মিন্টু বলেন, সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কথা বলবেন এবং কর্পোরেট মালিকানাধীন গণমাধ্যম নিবন্ধনের বিরোধিতা করবেন।
সভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঁইয়া, পৌর বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া, প্রার্থীর মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক সলিম উল্লাহ মেজবাহসহ স্থানীয় সাংবাদিকরা।

