কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফজলুল হক মিলনের পক্ষে রবিবার (৮ ফেব্রুয়ারি) কালীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামালপুর ইউনিয়নের চুপাইর উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলা এই ক্যাম্পে স্থানীয় শত শত মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।
ক্যাম্পটির সার্বিক ব্যবস্থাপনা করেন সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক তৌকির আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক ভিপি সম্পা হক। উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম তুহিন। মেডিকেল ক্যাম্পে ডাক্তারগণ চিকিৎসা সেবা প্রদান করেন এবং এলাকার মানুষ স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পান।

