হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যশোর–১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (নং–৯২৫) এর নেতাকর্মী ও শ্রমিকদের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।
রোববার(৮ ফেব্রুয়ারি)সকালে ইউনিয়নের মিটিং কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, নির্বাচনে জনগণের সমর্থনে বিজয়ী হলে বেনাপোল স্থলবন্দরের শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আধুনিক মানের একটি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শার্শা উপজেলাকে সন্ত্রাসমুক্ত, উন্নত ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
নুরুজ্জামান লিটন শ্রমিকদের উদ্দেশে ধানের শীষের পক্ষে গণসংযোগ জোরদারের আহ্বান জানিয়ে বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশায় দেশবাসী নির্বাচনের অপেক্ষায় রয়েছে। সেই লক্ষ্য পূরণে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি, সাধারণ সম্পাদক সহিদ আলী, বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি ইদ্রিস মালেক, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সাংগঠনিক ও প্রচার সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক শ্রমিক।

