স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের দুটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফলে একটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অন্যটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী (জামায়াত) প্রার্থী বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ৩টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম আসন দু’টির বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
নড়াইল-১ আসন
নড়াইল-১ আসনে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ধানের শীষ প্রতীক নিয়ে ১১২টি কেন্দ্রে মোট ৯৯ হাজার ৯৭৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতের সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পান ৭৫ হাজার ২২৫ ভোট। এ আসনে মোট ভোট পড়েছে ১ লাখ ৮৮ হাজার ৭৫৫টি।
নড়াইল-২ আসন
নড়াইল-2 আসনে জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১৪৮টি কেন্দ্রে ১ লাখ ১৮ হাজার ১৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী ও বহিষ্কৃত প্রার্থী মনিরুল ইসলাম (কলস প্রতীক) পান ৭৮ হাজার ৪৫৭ ভোট। এছাড়া ধানের শীষ প্রতীকের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন ৪৫ হাজার ৪৬৩ ভোট। এ আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ৫২ হাজার ৭৮১টি।
দুই আসনেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

