খুলনা প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ (তেরখাদা–রূপসা–দিঘলিয়া) আসনে চার প্রার্থীর মধ্যে দুইজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী যদি মোট ভোটের এক-অষ্টমাংশ (৮ ভাগের ১ ভাগ) ভোট অর্জন করতে ব্যর্থ হন, তবে তার জামানত বাজেয়াপ্ত করা হয়।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনার পর জেলা প্রশাসক ও খুলনা-৪ আসনের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক আ. স. ম. জামসেদ খোন্দকার বেসরকারি ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩,৭৮,৪৫৩, যেখানে ১৪৫টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ২,৪৬,৮১৬। জামানত রক্ষার জন্য প্রার্থীকে প্রয়োজন ছিল কমপক্ষে ৩০,৮৫২ ভোট।
ফলাফলে দেখা গেছে, বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক এস. কে. আজিজুল বারী হেলাল (‘ধানের শীষ’ প্রতীকে) পেয়েছেন ১,২৩,১৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত আন্দোলনের মাওলানা সাখাওয়াত হোসেন (‘দেয়াল ঘড়ি’ প্রতীকে) পেয়েছেন ১,০৯,৫৩০ ভোট।
অন্যদিকে, ইসলামী আন্দোলনের ইউনুস আহমেদ শেখ পেয়েছেন ১৩,৩৪৫ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী এস. এম. আজমল হোসেন (‘ফুটবল’ প্রতীকে) পেয়েছেন মাত্র ৮৫৯ ভোট। যথেষ্ট ভোট না পাওয়ায় এই দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
নির্বাচনী সূত্রে জানা গেছে, আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার পর জামানত বাজেয়াপ্ত প্রার্থীদের টাকা ফেরত দেওয়া হবে না। খুলনা-৪ আসনের এই ফলাফল স্থানীয় রাজনৈতিক দৃশ্যপটকে নতুনভাবে চিত্রায়িত করছে।

