স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইল সদর উপজেলার তুলারামপুর বিল থেকে শরিফুল আলম তরফদার (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে তুলারামপুর রেল ব্রিজের দক্ষিণ পাশের বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে স্থানীয় কৃষক সাহেব মোল্যা নিজের জমিতে যাওয়ার পথে বিলে একটি মরদেহ দেখতে পান। পরে তিনি পুলিশে খবর দিলে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহের পাশে একটি জ্যাকেট, গামছা, ব্যাগ, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং নগদ ৪ হাজার ২০০ টাকা পাওয়া যায়। এনআইডির সূত্র ধরে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। তিনি যশোর জেলার জগমোহনপুর গ্রামের ইন্তাজ তরফদারের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে তুলারামপুর এলাকার একটি মসজিদে আসরের নামাজ পড়তে শরিফুল আলমকে দেখা গিয়েছিল। এরপর শুক্রবার বিকেলে তার মরদেহ বিলের মধ্যে পড়ে থাকতে দেখা যায়।
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, মরদেহে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

