দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নে সংখ্যালঘু একটি পরিবারের উপার্জনের প্রধান উৎস মুড়ি ভাজার চুলা ভাঙচুর করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। গত ১২ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে দক্ষিণ পাঙ্গাসিয়া গ্রামের সাহা বাড়িতে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে ফটিক সাহা ও ঝন্টু সাহার দুটি এবং অনিল সাহা ও অবিরাম সাহার একটি মুড়ি ভাজার চুলা ভেঙে গুঁড়িয়ে দেয়। গ্রামীণ জনপদে মুড়ি ভেজেই পরিবারগুলো জীবিকা নির্বাহ করত। আকস্মিক এ হামলায় তারা চরম অর্থনৈতিক সংকটে পড়েছেন।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা এবং দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলে নিরাপত্তার আশ্বাস দেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে জরুরি সহায়তা হিসেবে শুকনা খাবার ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঙ্গাসিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মো. ফেরদৌস আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেন।

