টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ জন নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ বিশ্বাস, উপ-প্রকল্প পরিচালক মো. খাইরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বক্তারা বলেন, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত প্রান্তিক মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন ও বিকল্প আয়ের সুযোগ সৃষ্টির জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। গবাদিপশু পালন তাদের জন্য একটি টেকসই আয়ের পথ তৈরি করবে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি টুঙ্গিপাড়া উপজেলার ৬০ জন প্রান্তিক নিবন্ধিত জেলেদের হাতে ১টি করে বকনা বাছুর তুলে দেন।

