কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
কোটালীপাড়া উপজেলা-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মহিলা মাদ্রাসা পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার আমতলী ইউনিয়ন-এর উনশিয়া তালিমুল কোরআন নুরালি মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে মাদ্রাসার সম্পূর্ণ ঘরবাড়ি ও আসবাবপত্র পুড়ে যায়। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে।
মাদ্রাসাটির মোহতামিম মাওলানা আরসাদুল ইসলাম জানান, প্রতিষ্ঠানে এলাকার প্রায় ৮৫ জন ছাত্রী লেখাপড়া করে। প্রতিদিনের মতো রাতেও ছাত্রীদের নামাজ শেষে বাড়ি পাঠানো হয়। রাত ২টার দিকে চিৎকার শুনে তিনি মাদ্রাসায় ছুটে এসে দেখেন আগুনে পুরো ভবন দাউ দাউ করে জ্বলছে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই মাদ্রাসার সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
তিনি আরও বলেন, “এ অগ্নিকাণ্ডে আমাদের প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। বর্তমানে নতুন করে ঘর নির্মাণের মতো আর্থিক সামর্থ্য আমাদের নেই। দ্রুত নতুন ভবন নির্মাণ করা না গেলে ৮৫ জন ছাত্রীর শিক্ষাজীবন হুমকির মুখে পড়বে।”
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মাদ্রাসা পুনর্নির্মাণে জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্টরা।

