আমতলী (বরগুনা) প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বরগুনার আমতলী উপজেলার বাজারগুলো জমজমাট অবস্থায় প্রবেশ করেছে। শিশু, নারী-পুরুষের পদচারণায় সরগরম হয়ে উঠেছে সব বিপণি বিতান। এ বছর ইন্ডিয়ান ও পাকিস্তানী জিমিচু কাপড়ের পোশাকের চাহিদা সবচেয়ে বেশি। ক্রেতারা থ্রি-পিস, শাড়ী, জামা-জুতা ও প্রসাধনীসহ বিভিন্ন ঈদপন্য ক্রয় করছেন।
বিক্রি বৃদ্ধি পেয়ে ব্যবসায়ীরা খুশি। আকন বস্ত্রালয়ের মালিক কামাল আকন জানান, গত বছরের তুলনায় এ বছর বিক্রি বেশি। একই সঙ্গে টেইলার্সরা রাত জেগে পোশাক তৈরি করছেন। মোঃ জাফর মিয়া বলেন, “গত বছরের তুলনায় এ বছর পোশাক তৈরি অনেক বেশি।”
ক্রেতারা বলছেন, পোশাকের ধরন বদলেছে এবং দামও সামান্য বেড়েছে। রাশিমুল হক রিমন পাকিস্তানী পাঞ্জাবী ক্রয় করেছেন। নারী ক্রেতা আফসানা মিনি রাইহান এবং রুবাইয়া আক্তার, সুমাইয়া আক্তার জানান, দাম একটু বেশি হলেও চাহিদামতো পোশাক পাওয়া যাচ্ছে।
রবিবার আমতলী পৌর শহরের সুলভ বস্ত্রালয়, নিউ মাতৃছোয়া বস্ত্রালয়, আকন বস্ত্রালয়, মদনমোহন বস্ত্রালয়, সিরাজ উদ্দিন বস্ত্রালয়, ইসলামিয়া বস্ত্রালয় ও মাসফি চয়েজ হাউস ঘুরে দেখা যায়, ক্রেতাদের ভীড় জমেছে। এখানে পাকিস্তানী ও ভারতীয় জিমিচু পোশাকের বিক্রি সবচেয়ে বেশি হচ্ছে।
আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গির হোসেন জানান, ঈদকে সামনে রেখে বাজারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গভীর রাত পর্যন্ত কেনাকাটা করার পর মানুষ যেন নিরাপদে বাড়ি ফিরতে পারে, তা নিশ্চিত করা হচ্ছে।
পবিত্র ঈদকে সামনে রেখে মানুষ ক্রমেই বাজারমুখী হচ্ছে, আর এভাবেই জমজমাট অবস্থায় চলছে আমতলীর ঈদ বাজার।

