আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
বুধবার (২৫ মার্চ) বেলা ১১টায় আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানজুরুল হক কাওসার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিউল আলম, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, বকুল নেছা মহিলা কলেজের প্রভাষক মো. জয়নুল আবেদিন এবং চুনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল কবির প্রমুখ।
বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে সংঘটিত ভয়াবহ গণহত্যার স্মৃতিচারণ করেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

