গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
নির্মানাধীন চারতলা ভবনের মধ্যে ৪৪০ ভোল্টের বিদ্যুত লাইনের তার রেখে ভবন নির্মান করায় এবং ভবনের অতিসন্নিকটে বিদ্যুতের খুঁটি থাকায় যেকোনো সময় বড়ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
আর এনিয়ে এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। ঘটনাটি বরিশালের গৌরনদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বেপারী পাড়ার।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ওই এলাকার মাছ ব্যবসায়ী জাকির হোসেন ও তার প্রবাসী ভাই এনায়েত হোসেন আইনের তোয়াক্কা না করেই ভবন নির্মাণ কাজ করাচ্ছেন। ভবনটির অতিসন্নিকটে ঘেঁষে থাকা বিদ্যুতের খুঁটি ও উচ্চ ভোল্টেজের লাইন সরানোর কোনো উদ্যোগ গ্রহণ না করেই তারা ভবন নির্মাণের কাজ প্রায় সম্পন্ন করেছেন। এনায়েত হোসেনের ভাই আরিফ হোসেন বলেন, বিদ্যুতের খুঁটি ভবনের ভেতরে চলে এসেছে। বিষয়টি স্থানীয় বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।
তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, শুধুমাত্র জানানোর মধ্যেই দায় শেষ নয়; এ ধরনের ঝুঁকিপূর্ণ অবস্থায় ভবন নির্মাণ সম্পূর্ণ বেআইনি এবং জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। কিভাবে এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় ভবনের নকশা (প্ল্যান) অনুমোদন পেল? তা নিয়েও নানা প্রশ্ন দেখা দিয়েছে।
ওই এলাকার এক রাজমিস্ত্রি নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ ভবনটি মারাত্মক ঝুঁকিপূর্ণ। অবিলম্বে বিদ্যুতের খুঁটি ও লাইন সরিয়ে নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এলাকাবাসী দ্রুত এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য পৌর প্রশাসক ও বিদ্যুত বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
গৌরনদী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম জানিয়েছেন, বিষয়টি আমার জানা ছিলোনা। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে জরুরি ভিত্তিত্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় পল্লী বিদ্যুতের দায়িত্বশীল কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হবে।
গৌরনদী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. জুবায়ের আহমেদ বলেন,খবরপেয়ে পল্লী বিদ্যুতের সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শন করেছে। এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

