ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জমির সীমানা বিরোধকে কেন্দ্র করে পিস্তলের আঘাতে এক বৃদ্ধ আহত হয়েছেন। এ ঘটনায় অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ৫নং ধাওয়া ইউনিয়নের ধাওয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়।
আহত মো. আলমগীর হোসেন সরদার (৬৫) ওই গ্রামের মৃত আব্দুর রশিদ সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার মৃত মো. আলী হাওলাদারের ছেলে মো. রফিকুল ইসলাম সম্রাট (৬০) সকালে আলমগীর সরদারের বাড়িতে যান। সেখানে জমির সীমানা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ সময় আলমগীরের নাতি মো. তামীম সরদার (১৫) সম্রাটকে ধাক্কা দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে সম্রাট তার সঙ্গে থাকা পিস্তল (নং- ঋঋত-৭২৫৭) দিয়ে পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পরে আলমগীর সরদার তাকে থামাতে গেলে পিস্তলের বাট দিয়ে তার মাথায় আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা ধস্তাধস্তির একপর্যায়ে সম্রাটকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে এবং অস্ত্র উদ্ধার করে।
আহত আলমগীর সরদারকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
এ ঘটনায় আহতের মেয়ে ফাতেমা আক্তার বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় হত্যা চেষ্টার মামলা দায়ের করেছেন। মামলায় রফিকুল ইসলাম সম্রাটকে প্রধান আসামি করা হয়েছে এবং অজ্ঞাত আরও দুইজনকে আসামি করা হয়েছে।
ভাণ্ডারিয়া থানার ওসি দেওয়ান জগলুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অস্ত্রসহ আটক সম্রাটকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত চলমান রয়েছে।

