পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি) কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পিবিপ্রবির একাডেমিক ভবন ও পিরোজপুর সরকারি মহিলা কলেজ উপকেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিতির হার ছিল ৭১ শতাংশ।
একইদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিতির হার ছিল ৪৬ শতাংশ।
পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হেল্প ডেস্ক, জরুরি মেডিকেল সেবা, অভিভাবকদের বসার ব্যবস্থা এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা গ্রহণ করে। এসব উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন।
পরীক্ষা চলাকালে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম কেন্দ্র ও কন্ট্রোল রুম পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় জেলা প্রশাসক আবু সাঈদ, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম এবং ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মুহাঃ আমিনূর রহমান উপস্থিত ছিলেন।

