আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীতে ওরশ মাহফিল থেকে ফেরার পথে অটোগাড়ির নিচে চাপা পড়ে জুনায়েদ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার টেপুড়া বাজার সড়কের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ পটুয়াখালীর গলাচিপা উপজেলার নলুয়াবাগী গ্রামের আবু সায়েদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলীর হলদিয়া গাজী কালু দরগায় রোববার রাতে বার্ষিক ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়। রাতভর চলা ওই ওরশ শেষে সোমবার সকালে একটি অটোগাড়িতে করে বাড়ি ফিরছিল জুনায়েদ। পথে টেপুড়া বাজার সড়কের মোড়ে অটোগাড়িটি ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়ে। এ সময় শিশুটি অটোর নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় শিশুটির মাথায় মারাত্মক আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে বিকেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আমতলী থানার ওসি (তদন্ত) সাইদুল ইসলাম বলেন, “দুর্ঘটনার পর শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

