Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাসিকে উন্নয়ন গতি, ঈদের পর ওভারব্রিজ টেন্ডার

শামসুল হক ভূঁইয়া, গাজীপুর
এপ্রিল ২৮, ২০২৬ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

শামসুল হক ভূঁইয়া, গাজীপুর

গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) চলমান উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন, নতুন প্রকল্প গ্রহণ এবং নগর ব্যবস্থাপনায় সমন্বিত অগ্রগতি নিশ্চিত করতে নগর ভবনের সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার আয়োজিত এ সভায় অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, যানজট নিরসন, ড্রেনেজ উন্নয়ন এবং নাগরিক সেবার আধুনিকায়ন নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

গাসিক প্রশাসক মো. শওকত হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি এবং গাজীপুর-1 আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান। এছাড়া বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় গাজীপুর সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক একটি তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এতে সিটি কর্পোরেশনের কাঠামো, ভৌগোলিক বিস্তৃতি এবং চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয়। তিনি জানান, ২০১৩ সালে প্রতিষ্ঠিত গাজীপুর সিটি কর্পোরেশন দেশের আয়তনের দিক থেকে বৃহত্তম, যার আয়তন ৩২৯.৫৩ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ৪৫ লাখ। ৫৭টি ওয়ার্ড নিয়ে গঠিত এ নগরীতে দেশের প্রায় ৭৫ শতাংশ গার্মেন্টস শিল্প অবস্থিত।

প্রেজেন্টেশনে আরও উল্লেখ করা হয়, অভ্যন্তরীণ সড়ক, নর্দমা ও ফুটপাত নির্মাণ প্রকল্পে প্রায় ৯০ শতাংশ ভৌত অগ্রগতি অর্জিত হয়েছে। প্রধান সড়ক প্রশস্তকরণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং তুরাগ নদী সংলগ্ন অবকাঠামো উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে চলছে। পাশাপাশি বৈদেশিক সহায়তাপুষ্ট বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নগর ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনার উদ্যোগ অব্যাহত রয়েছে।

গাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসান বলেন, “গাজীপুর একটি দ্রুত বর্ধনশীল শিল্পনগরী হওয়ায় পরিকল্পিত উন্নয়ন এখন সময়ের দাবি। আমরা সমন্বিত মাস্টারপ্ল্যান অনুযায়ী রাস্তা সম্প্রসারণ, ড্রেনেজ উন্নয়ন, খাল পুনঃখনন এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে কাজ করছি।” তিনি আরও জানান, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) স্থাপনসহ পরিবেশসম্মত ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হচ্ছে।

সভাপতির বক্তব্যে গাসিক প্রশাসক মো. শওকত হোসেন সরকার জয়দেবপুর রেলক্রসিংয়ের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি বলেন, “রেল মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আগামী কোরবানির ঈদের পর জয়দেবপুর রেলস্টেশনে ওভারব্রিজ নির্মাণের টেন্ডার আহ্বান করা হবে। এটি বাস্তবায়িত হলে যানজট অনেকাংশে কমে আসবে।”

এছাড়া তিনি জানান, জয়দেবপুর রেলক্রসিং ও আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে অবস্থানরত ভাসমান হকারদের কোরবানির ঈদের আগেই পরিকল্পিতভাবে পুনর্বাসন করা হবে। এ লক্ষ্যে শিববাড়ি মোড় এলাকায় নির্ধারিত স্থান প্রস্তুত করা হচ্ছে।

সভায় উপস্থিত সংসদ সদস্যরা উন্নয়ন কার্যক্রমে গতি বাড়াতে কার্যকর সমন্বয়, মাননিয়ন্ত্রণ এবং নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র অধ্যাপক এম এ মান্নানের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।