কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হত্যার ঘটনায় গ্রেফতার দুই আসামী ইসরাফিল মুন্সী ও রুবেল জামিনে বের হয়ে আবার হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে নিহত ফেরদৌসের পাঁচ বোন ও দুই ভাইয়ের পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিহতের বোন ও মামলার বাদী হাওয়া বেগম এবং মানসুরা বেগম এ আশঙ্কার কথা জানান।
তারা জানান, গত ৮ জানুয়ারি কলাপাড়ার পশ্চিম মধুখালী সেতু সংলগ্ন খালের তীর থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় ফেরদৌস মুন্সীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এর দুই দিন আগে তিনি নিখোঁজ হন।
সংবাদ সম্মেলনে হাওয়া বেগম ও মানসুরা বেগম অভিযোগ করেন, তাদের বড় ভাই ফোরকান মুন্সী পৈত্রিক জমি দখলের উদ্দেশ্যে ভাড়াটে লোক দিয়ে এই হত্যাকাণ্ড ঘটায়।
এ ঘটনায় ফোরকান মুন্সী, ইসরাফিল, রুবেল, ইউসুফ ফকিরসহ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করে। তবে ইসরাফিল ও রুবেল জামিনে মুক্ত হয়ে ফেরদৌস মুন্সীর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তারা।
এ অবস্থায় ভাই হত্যার ঘটনায় জামিনে বের হওয়া আসামীদের পুনরায় গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার।

