ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সদরপুর উপজেলায় বসতঘরের টিনের চালে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিলন মাতুব্বর (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার পূর্ব শৌলডুবি গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মিলন মাতুব্বর ওই গ্রামের রব মাতুব্বরের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে পূর্ব শৌলডুবি গ্রামের মিঠু মাতুব্বরের বসতঘরের টিনের চালের ওপর হঠাৎ পল্লী বিদ্যুতের একটি মেইন লাইন ছিঁড়ে পড়ে। এতে মুহূর্তেই ঘরের টিনের চাল ও আশপাশ বিদ্যুতায়িত হয়ে যায়। এ সময় ঘরের ভেতরে থাকা চারজন বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলন মাতুব্বরকে মৃত ঘোষণা করেন। আহত শেখ ওবায়দুর (৪১), মিঠু মাতুব্বর (৩৬) ও তার স্ত্রী হেনা আক্তারকে (২৪) প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পল্লী বিদ্যুতের সদরপুর জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) শহিদুল ইসলাম জানান, বিদ্যুৎ সংযোগ থেকে জিআই তারের মাধ্যমে অবৈধ সংযোগ নেওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আল মামুন শাহ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

