শারমিন সুলতানা, পলাশ (নরসিংদী) প্রতিনিধি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে বাদ দিয়ে কোনোভাবেই উন্নত ও শক্তিশালী জাতি গঠন সম্ভব নয়। শিক্ষা নিয়ে কোনো ধরনের হেলাফেলা বা ছেলেখেলা করা যাবে না।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার আধুনিক মাল্টিপারপাস অডিটরিয়ামে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বেসরকারি শিক্ষকদের বিভিন্ন সুবিধা ও বেতন বৃদ্ধির ইতিহাস তুলে ধরে ড. মঈন খান বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম শিক্ষকদের বেতন ৫০ শতাংশে উন্নীত করেছিলেন। এরপর ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এসে বেগম খালেদা জিয়া আরও ৩০ শতাংশ যোগ করে বেতন ৮০ শতাংশে উন্নীত করেন। দীর্ঘ সময় শিক্ষকদের ভাতা না বাড়ার পর ২০০১ সালে খালেদা জিয়ার সরকারই শিক্ষকদের এমপিওভুক্তির মাধ্যমে শতভাগ বেতন-ভাতা নিশ্চিত করেন।”
তিনি বলেন, বর্তমানে প্রায় ২৯ হাজার মাধ্যমিক ও বেসরকারি স্কুলের শিক্ষকরা যে সরকারি সহায়তা পাচ্ছেন, তা বিএনপি সরকারের ধারাবাহিক অবদান। সম্প্রতি অবসরপ্রাপ্ত শিক্ষকদের পেনশন ও আর্থিক সুবিধা সহজীকরণে বর্তমান সরকারের তাৎক্ষণিক পদক্ষেপেরও প্রশংসা করেন তিনি।
শিক্ষকদের মানুষ গড়ার কারিগর ও জাতির মেরুদণ্ড উল্লেখ করে মঈন খান বলেন, দেশের তরুণ সমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষকদের স্বাধীনতা ও সম্মান নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্রের উদাহরণ টেনে তিনি বলেন, “অনেকে মনে করেন অস্ত্র বা পারমাণবিক বোমার কারণে আমেরিকা বিশ্বশক্তি হয়েছে। কিন্তু তা সঠিক নয়। তাদের প্রকৃত শক্তি হলো উচ্চমানের শিক্ষা ব্যবস্থা।”
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মোমেনবাগ খান ফাউন্ডেশন ও দি মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারম্যান অ্যাডভোকেট রোখসানা খন্দকার।
অনুষ্ঠানে পলাশ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও খানেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবীর, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি শহীদুল হক বাচ্চু, সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতি পলাশ উপজেলা শাখার সভাপতি ও আদর্শ শিশু শিক্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান উদ্দিন, জনতা আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মাসুদ খান, পলাশ থানা সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ আমীর হোসাইন গাজী এবং ডা. নজরুল বিন নূর মোহসীন গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক সাইফুল হক বক্তব্য দেন।
এ সময় পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

