সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় কৃষকদের আধুনিক ও সহজ কৃষিসেবা নিশ্চিত করতে কৃষক কার্ড বিষয়ক অবহিতকরণ সভা এবং ৪০০ জন কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। তিনি বলেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা দ্রুত ও সহজে সরকারি কৃষিসেবা, কৃষি প্রণোদনা, ভর্তুকি এবং তথ্যপ্রযুক্তিনির্ভর বিভিন্ন সুবিধা গ্রহণ করতে পারবেন।
সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মুন্সীগঞ্জের উপপরিচালক ড. মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এম. এ. জলিল, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম কৃষক কার্ডের নিবন্ধন প্রক্রিয়া, প্রয়োজনীয়তা এবং এর মাধ্যমে কৃষকদের জন্য সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষে কৃষক কার্ডধারী ৪০০ জন উপকারভোগী কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এ সময় কৃষকরা কৃষক কার্ড কার্যক্রমকে সময়োপযোগী ও জনবান্ধব উদ্যোগ হিসেবে উল্লেখ করে সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান।
এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী, সহ-সভাপতি মো. মোতাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, সিরাজদিখান থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।

