শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
চিংড়িঘেরে ইঁদুর শিকার করতে এসে টেটাবিদ্ধ হয়েছে প্রায় ছয় ফুট লম্বা একটি বিষধর পদ্মগোখরা সাপ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বাগেরহাটের চিতলমারী উপজেলার পাটরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাটরপাড়া গ্রামের হাফিজুল বিশ্বাস সকাল ১১টার দিকে নিজের চিংড়িঘেরে যান। এ সময় তিনি দেখতে পান, একটি পদ্মগোখরা সাপ ঘেরের মধ্যে ইঁদুরকে তাড়া করছে। পরে হাতে থাকা মাছ শিকারের টেঁটা দিয়ে সাপটিকে আঘাত করেন তিনি। এতে সাপটি টেঁটাবিদ্ধ হয়।
পরে হাফিজুল টেঁটাবিদ্ধ সাপটিকে চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে নিয়ে আসেন। খবর পেয়ে সাপটি দেখতে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে যায়।
স্থানীয়দের দাবি, চিংড়িঘের এলাকায় এ ধরনের বিষধর সাপ প্রায়ই দেখা যায়। ঘেরের পাড়ে চলাচলের সময় তাদের সতর্ক থাকতে হয়।
সাপটি দেখতে আসা মিজান মুন্সি বলেন, “চিংড়িঘেরে এ ধরনের সাপ অনেক আছে। ঘেরের পাড়ে গেলে খুব সাবধানে চলতে হয়। সাপে কামড় দিলে বাঁচার সম্ভাবনা কম। আজকাল এলাকায় সাপের উপদ্রবও বেড়েছে।”
স্থানীয়রা জানান, চিংড়িঘের ও আশপাশের ঝোপঝাড়ে সাপের উপস্থিতি থাকায় ঘেরের শ্রমিক ও স্থানীয়দের সতর্কতার সঙ্গে চলাচল করা প্রয়োজন।

