নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর শাখার নতুন আমীর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. খায়রুল হাসান। শনিবার (৭ নভেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয়।
গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আ স ম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক জামাল উদ্দিন।
নবনির্বাচিত আমীরকে শপথবাক্য পাঠ করান জামায়াতের ঢাকা উত্তরাঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুর রব। অনুষ্ঠানে বিদায়ী আমীর অধ্যাপক জামাল উদ্দিন বলেন, গাজীপুর মহানগর জামায়াতের প্রতিষ্ঠাকালীন আমীর ছিলেন মরহুম এসএম সানাউল্লাহ। নতুন উদ্যোগ ও পরিকল্পনার মাধ্যমে নবনির্বাচিত আমীরের নেতৃত্বে সংগঠন আরও সুসংগঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শপথ অনুষ্ঠানে উপাধ্যক্ষ আব্দুর রব বলেন, আল্লাহর সাহায্য ও সহযোগিতায় সংগঠন এগিয়ে যাচ্ছে। নেতৃত্বের ক্ষেত্রে ভুলত্রুটি হতে পারে উল্লেখ করে তিনি বলেন, ইমাম ভুল করলে মুসল্লিরা যেমন প্রয়োজনের সময় লোকমা দেন, তেমনি সংগঠনের নেতৃত্বের ক্ষেত্রেও গঠনমূলক সহযোগিতা ও পরামর্শ থাকা প্রয়োজন।
দায়িত্ব গ্রহণের পর মো. খায়রুল হাসান নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ‘আপনারা আমার সামনে সমালোচনা করবেন আর গোপনে আমার জন্য দোয়া করবেন।’ সংগঠনকে এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা ও গঠনমূলক সমালোচনার ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা খলিলুর রহমান মাদানী। দারসুল কোরআন পেশ করেন ঢাকা উত্তরাঞ্চলের সহকারী পরিচালক মাওলানা দেলোয়ার হোসেন।
এ সময় মহানগর জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ হোসেন আলী, সহকারী সেক্রেটারি আজহারুল ইসলাম মোল্লা ও আফজাল হোসাইন, অফিস সম্পাদক আবু সিনা নুরুল ইসলাম মামুন, মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইয়াসিন আরাফাতসহ বিভিন্ন থানা ও সাংগঠনিক পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মো. খায়রুল হাসানের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদী গ্রামে। তিনি চুপাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা শেষ করেন। পরে চুপাইর জামিউল উলুম সিনিয়র মাদ্রাসা থেকে দাখিল ও আলিম এবং ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল সম্পন্ন করেন। এরপর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ থেকে সমাজকর্মে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
রাজনৈতিক জীবনে তিনি ইসলামী ছাত্রশিবিরের গাজীপুর জেলা সভাপতি ছিলেন। পরবর্তী সময়ে জামায়াতে ইসলামীর গাজীপুর মহানগর শাখার সেক্রেটারি ও নায়েবে আমীরের দায়িত্ব পালন করেন। পাশাপাশি দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ছিলেন। গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে দেশের ৭৭টি জেলা ও মহানগর শাখার আমীরদের নাম ঘোষণা করা হয়। ওই ঘোষণায় গাজীপুর মহানগর শাখার নতুন আমীর হিসেবে মো. খায়রুল হাসানের নাম আসে।

