কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
বিগত সরকারের আমলে উন্নয়নের নামে ব্যাপক লুটপাট চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। তিনি বলেছেন, সমাজে সেই ধরনের অনিয়ম ও লুটপাট আর দেখতে চান না।
শনিবার সকালে কালকিনি ফুটব্রিজ থেকে দক্ষিণ জনার্দন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত কার্পেটিংয়ের মাধ্যমে রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার বলেন, ‘আমরা চাই সমাজের সর্বোচ্চ স্তর থেকে শুরু করে একেবারে তৃণমূলের সাধারণ মানুষও যেন সমানভাবে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করতে পারে। দেশের প্রতিটি নাগরিক যেন তাদের মৌলিক অধিকার ও নাগরিক অধিকার নির্বিঘ্নে ভোগ করতে পারেন—সে লক্ষ্যেই আমাদের সরকার ও আমরা সবাই মিলে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।
এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম, কালকিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, যুবদল নেতা মামুন শিকদার, কালকিনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

