কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে ফসল উৎপাদন বাড়াতে ৫ হাজার ২৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।
দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাভিদ সারওয়ার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শামীম রেজা মোল্লা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আমন্ত্রিত সুধীজন ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা চাষে ৪ হাজার ৩৭০ জন, চিনাবাদাম চাষে ৩১০ জন, মসুর চাষে ৪৭০ জন, খেসারি চাষে ৫০ জন এবং অড়হর চাষে ৭০ জন কৃষককে সহায়তা দেওয়া হচ্ছে।
প্রণোদনার আওতায় সরিষা চাষের জন্য প্রত্যেক কৃষককে বিঘাপ্রতি ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। চিনাবাদাম চাষে ১০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার; মসুর চাষে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার; খেসারি চাষে ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং অড়হর চাষে ২ কেজি বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষিকাজে উৎসাহিত করা এবং রবি মৌসুমে তেল ও ডালজাতীয় ফসলের আবাদ বাড়ানো এ কর্মসূচির মূল লক্ষ্য। এ উদ্দেশ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দৌলতপুরের কৃষকদের মাঝে এ প্রণোদনা বিতরণ করা হচ্ছে।

