Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনহীনতায় স্থবির যশোরের ক্রীড়াঙ্গন, ঝরে পড়ছে প্রতিভা

যশোর প্রতিনিধি
নভেম্বর ২৪, ২০২৬ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

জরাজীর্ণ স্টেডিয়াম ও নেতৃত্বশূন্য জেলা ক্রীড়া সংস্থা—দুই সংকটে স্থবির হয়ে পড়েছে সম্ভাবনাময় যশোরের ক্রীড়াঙ্গন। দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় ব্যাহত হচ্ছে নিয়মিত খেলাধুলা ও প্রতিযোগিতার আয়োজন। মাঠ, খেলোয়াড় ও প্রতিভা থাকলেও নেই নির্বাচিত নেতৃত্ব। ফলে প্রতিযোগিতার অভাবে আগ্রহ হারাচ্ছেন খেলোয়াড়রা, ঝরে পড়ছে অনেক সম্ভাবনাময় তরুণ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে আহ্বায়ক কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে যশোর জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম। সংস্থার অধীনে রয়েছে ১৮টি উপপরিষদ। এসব উপপরিষদের মাধ্যমে ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিকস, হ্যান্ডবল, ভলিবল, বাস্কেটবল, সাঁতার ও ওয়াটারপোলোসহ বিভিন্ন খেলার আয়োজন হওয়ার কথা থাকলেও নিয়মিত প্রতিযোগিতা না থাকায় কার্যক্রম অনেকটাই স্থবির।

সাবেক খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও ক্রীড়াপ্রেমীদের অভিযোগ, নির্বাচিত কমিটি না থাকায় ক্লাবগুলোর মধ্যে খেলাধুলা আয়োজনের আগ্রহ কমেছে। নিয়মিত প্রতিযোগিতা না হওয়ায় অনুশীলনরত খেলোয়াড়রাও উৎসাহ হারাচ্ছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত নির্বাচন দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি জানিয়েছেন তাঁরা।

সাবেক খেলোয়াড়দের মতে, নির্বাচিত কমিটির হাতে দায়িত্ব ফিরলে যশোরের ক্রীড়াঙ্গনে আবারও প্রাণচাঞ্চল্য ফিরবে। নিয়মিত টুর্নামেন্ট ও প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে নতুন খেলোয়াড় তৈরির সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে তরুণেরা মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে থেকে খেলাধুলায় মনোযোগী হতে পারবেন।

সাবেক ফুটবলার রিয়াদুল ইসলাম ইমন বলেন, আহ্বায়ক বা অ্যাডহক কমিটির মাধ্যমে খেলাধুলার উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন করা কঠিন। অনেক ক্লাব নির্বাচিত কমিটি ছাড়া খেলতে আগ্রহী নয়। ফলে প্রতিযোগিতা আয়োজন ব্যাহত হচ্ছে।

তিনি বলেন, প্রতিযোগিতামূলক খেলা না থাকলে অনুশীলনরত খেলোয়াড়দের লক্ষ্য ও উৎসাহ হারিয়ে যায়। যারা বড় খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখেন, তাঁদের সামনে প্রতিযোগিতার সুযোগ থাকা জরুরি। নির্বাচিত কমিটি এলে ক্লাবগুলো উৎসাহিত হবে এবং খেলাধুলা আবারও সচল হবে।

জিমনেসিয়াম ও সুইমিং পুলের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, সেখানে সাঁতার, ব্যাডমিন্টন ও টেবিল টেনিসের চর্চা হলেও প্রতিযোগিতা না থাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হচ্ছে না। অবকাঠামোর সংস্কার ও নিয়মিত প্রতিযোগিতার আয়োজন করা গেলে এসব স্থাপনা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

সাবেক খেলোয়াড় নূর ইমাম বাবুল বলেন, একসময় যশোরে প্রথম বিভাগ ফুটবল, প্রথম বিভাগ ক্রিকেট ও দ্বিতীয় বিভাগ ক্রিকেটের নিয়মিত আয়োজন ছিল। এখন সেই ধারাবাহিকতা নেই। প্রতিযোগিতার সুযোগ না থাকায় সম্ভাবনাময় তরুণরা ঝরে যাচ্ছে।

তিনি বলেন, ‘আমরা নতুন খেলোয়াড় তৈরি করতে চাই, তাদের খেলা দেখতে চাই। জেলা ক্রীড়া সংস্থার একটি সুন্দর ও পূর্ণাঙ্গ নির্বাচিত কমিটি চাই। অ্যাডহক কমিটির পরিবর্তে নির্বাচিত কমিটি গঠন করা হোক। তাহলেই যশোরের খেলাধুলায় নতুন গতি ফিরবে।’

ক্রীড়া সংগঠকদের মতে, অ্যাডহক কমিটির অন্যতম দায়িত্ব নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা। দীর্ঘমেয়াদে খেলাধুলা পরিচালনা ও নতুন প্রতিভা বিকাশে নির্বাচিত নেতৃত্বের বিকল্প নেই।

ক্রীড়া সংগঠক সোহেল আল মামুন নিশাত বলেন, বর্তমান সরকার তৃণমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দিতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ‘নতুন কুঁড়ি’ ও ‘প্রধানমন্ত্রী কাপের’ মতো কর্মসূচির মাধ্যমে শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা এবং খেলোয়াড়দের পরিবারের আর্থিক নিরাপত্তার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, সারা দেশে জেলা ক্রীড়া সংস্থাগুলোতে নির্বাচিত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। যশোরেও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে কাউন্সিলরদের ভোটে নির্বাচিত কমিটি গঠন করা প্রয়োজন। জেলা প্রশাসক বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন।

যশোর স্টেডিয়ামের উন্নয়নে ৩৪ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দের উদ্যোগের কথা উল্লেখ করে নিশাত বলেন, স্টেডিয়ামকে আধুনিক ও ব্যবহার উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ প্রশংসনীয়। তবে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি কার্যকর ক্রীড়া নেতৃত্বও প্রয়োজন।

আরেক ক্রীড়া সংগঠক সোহেল মাসুদ হাসান টিটো বলেন, অ্যাডহক কমিটি গঠনের অন্যতম উদ্দেশ্য ছিল তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নির্বাচন হয়নি, ক্রীড়াঙ্গনেরও কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটেনি।

তিনি দ্রুত সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্রীড়ামোদী ও সংগঠকদের হাতে দায়িত্ব তুলে দেওয়ার আহ্বান জানান। তা না হলে যশোরের ক্রীড়াঙ্গন আরও পিছিয়ে পড়বে এবং তরুণদের মধ্যে মাদকাসক্তিসহ সামাজিক অবক্ষয়ের ঝুঁকি বাড়বে।

টিটো বলেন, ‘খেলা বাঁচান, সমাজ বাঁচান, মানুষকে বাঁচান।’ যশোর একসময় দেশের অন্যতম ক্রীড়াজেলা ছিল উল্লেখ করে তিনি সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

কারাতে কোচ মাহবুবুর রহমান মোহন বলেন, অ্যাডহক কমিটি মূলত স্বল্পমেয়াদি দায়িত্ব পালনের জন্য গঠিত হয়। তাদের দায়িত্ব নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু যশোরে নির্বাচন আয়োজনের দৃশ্যমান উদ্যোগ দেখা যাচ্ছে না।

তিনি বলেন, বর্তমানে যশোরের ক্রীড়াঙ্গনে একধরনের অস্থিরতা ও স্থবিরতা বিরাজ করছে। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের দ্রুত নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির হাতে দায়িত্ব তুলে দেওয়া উচিত। যশোরের ক্রীড়াঙ্গন সচল করতে নির্বাচিত কমিটির কোনো বিকল্প নেই।

এ বিষয়ে যশোরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মোহাম্মদ আশেক হাসান বলেন, দীর্ঘদিন ধরে জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম কার্যকরভাবে পরিচালিত হচ্ছে না। ফলে খেলাধুলাও ব্যাহত হয়েছে। বর্তমান সরকার খেলাধুলাকে অগ্রাধিকার দিয়েছে। শিশু-কিশোরদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলার মাঠ ও বই পড়ার প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে জেলার বিভিন্ন খেলার মাঠ ব্যবহার উপযোগী করা হয়েছে। ইউনিয়ন পর্যায়ে ৪০টির বেশি মাঠ ইতোমধ্যে খেলার উপযোগী হয়েছে। জেলা স্টেডিয়ামও গুরুত্বপূর্ণ স্থাপনা হওয়ায় সেটির উন্নয়ন নিয়ে কাজ চলছে।

জেলা প্রশাসক আরও বলেন, দীর্ঘদিন জেলা ক্রীড়া সংস্থায় নির্বাচিত কমিটি না থাকায় একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সভায় নির্বাচন আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছে। একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে তাঁরা কাজ করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।