সিলেট প্রতিনিধি
সিলেটের গোলাপগঞ্জে পূর্বশত্রুতার জেরে নিরীহ মানুষকে মামলায় আসামি করে হয়রানি করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে উপজেলার বাদেপাশা ইউনিয়নের উত্তর আলমপুর গ্রামে প্রতিবাদ সভা করেছেন দুই শতাধিক গ্রামবাসী।
শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা উত্তর আলমপুর জামে মসজিদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা অভিযোগ করেন, ৫ আগস্টের আগে জাকির আহমদের ছোট ভাই আব্দুল হামিদ তারেক সিলেট ছাত্রলীগের নেতা থাকাকালে এলাকার সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করতেন। ৫ আগস্টের পরও তিনি এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। কেউ প্রতিবাদ করলে আদালতে মামলা দেওয়ার ভয় দেখানো হয় বলেও অভিযোগ করেন বক্তারা।
বক্তারা জানান, আগামী ৩ নভেম্বর গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ উত্তর আলমপুর থেকে ভাদেশ্বর বাজার পর্যন্ত রাস্তা পরিদর্শনে যাওয়ার কথা ছিল। এ উপলক্ষে গত ২ নভেম্বর এলাকাবাসী রাস্তার দুই পাশের আগাছা ও জঙ্গল পরিষ্কারের উদ্যোগ নেন। এ সময় জাকির আহমদ কয়েকজনকে সঙ্গে নিয়ে সেখানে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন বলে অভিযোগ করা হয়। পরে স্থানীয় মাস্টার লুৎফুর রহমানের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
তবে ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন, এমন কয়েকজন নিরীহ ব্যক্তিকে সিআর-৫৪৮/২০২৬ নম্বর মামলায় আসামি করা হয়েছে বলে দাবি করেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, পূর্বের বিরোধের জের ধরে এসব ব্যক্তিকে মামলায় জড়ানো হয়েছে।
প্রতিবাদ সভা থেকে প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা এবং নির্দোষ ব্যক্তিদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানানো হয়।
এ বিষয়ে বাদেপাশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য রিয়াজ উদ্দিন গেদাই মিয়া বলেন, ঘটনার সময় উপস্থিত ছিলেন না কিংবা ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই, এমন ব্যক্তিদেরও মামলায় আসামি করা হয়েছে। এতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তদন্ত করে প্রকৃত আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
প্রতিবাদ সভায় হাজি তেরা মিয়া, হাছন মিয়া, আরমিছ মিয়া, আব্দুশুক্কুর, নানু মিয়া, মানিক মিয়া, আব্দুল মিয়া, আহমদ আলী, জুনাব আলী ও জামাল মিয়াসহ গ্রামের দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

