নাদিম হায়দার, সিরাজদিখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা গোবিন্দ দাসকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার রশুনিয়া গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গোবিন্দ দাস উপজেলার কেয়াইন ইউনিয়নের হাজীগাঁও গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম বোঝোনাল দাস। শুক্রবার রশুনিয়া গ্রামে একটি একনাম অনুষ্ঠানে যোগ দিতে গেলে পুলিশ তাঁকে আটক করে।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় তাঁকে আটক করা হয়েছে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “গোবিন্দ দাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন সক্রিয় নেতা ছিলেন। তাঁকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

